Published : 11 Jun 2026, 08:10 PM
নতুন অর্থবছরে ৭ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধারাবাহিকভাবে আগামী পাঁচ বছর গাছ লাগানোর কর্মসূচি চলবে। এই সময়ে ২৫ কোটি গাছ লাগানো হবে।
এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৩ লাখ ‘সবুজ কর্মসংস্থান’ সৃষ্টি হবে বলে তথ্য দেন তিনি।
২০২৬-২৭ অর্থবছরে ৭ কোটি গাছের মধ্যে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা রোপণ করা হবে ২৫ হাজার ৯৬০ হেক্টর ‘ব্লক বাগানে’। ৩ হাজার ৭২৭ কিলোমিটার ‘স্ট্রিপ বাগানে’ লাগানো হবে ৩৭ লাখ ২৭ হাজার চারা।
সেইসঙ্গে ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা এবং বসতবাড়িতে বনায়নে ৫৬ লাখ চারা রোপণের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
এর বাইরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির’ আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙিনায় ১ কোটি বৃক্ষ রোপণের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কথা বলেছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলা। এ উদ্দেশ্য পূরণে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে ‘কার্বন ট্রেডিং কার্যক্রমের’ আওতায় আনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়ন করার কথা বলেন অর্থমন্ত্রী।
‘সার্কুলার ফিউচার মডেলে’ পণ্য বা কাঁচামাল ব্যবহারের পর তা ফেলে না দিয়ে পুনর্ব্যবহারের মাধ্যমে বার বার অর্থনৈতিক চক্রে ফিরিয়ে আনা হয়।