২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

র‌্যাবের ডিজির স্ত্রী বিয়োগ

তিনি বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 10:16 PM

Updated : 09 Oct 2023, 10:16 PM

র‌্যাব মহাপরিচালক খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ বেবী মারা গেছেন।

সোমবার বিকালে গুলশানে নিজের বাসায় তার মৃত্যু হয় বলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান জানান।

দিলরুবার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাব মহাপরিচালকের স্ত্রী সকালে খাবার খেয়ে গৃহকর্মীকে বলেন, তার খারাপ লাগছে। এরপর তিনি বিশ্রাম নিচ্ছিলেন। পরে তার সাড়াশব্দ না পেয়ে গৃহকর্মী খবর দেয়। খবর পেয়ে র‌্যাব মহাপরিচালক বাসায় গিয়ে দেখেন, তার স্ত্রী মারা গেছেন।

খুরশীদ-দিলরুবা দম্পতির দুই ছেলে। তাদের একজন সরকারি চাকরি করেন; আরেকজন ব্যাংকার।

দিলরুবার বড় ভাই সাংবাদিক আরিফ নেওয়াজ ফারাজী বাদল জানান, তিনি বিদেশে আছেন, বোনের মৃত্যুর খবর পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান র‌্যাব প্রধানের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।