ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উপায় খুঁজতে প্রধানমন্ত্রীর বৈঠক
এ বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উপায় খুঁজে বের করতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাহিদুল ইসলাম রনি বলেন, ঢাকায় গণপরিবহনের বিশৃঙ্খল অবস্থা এবং যানজট পরিস্থিতি ইত্যাদি সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় খুঁজতে এবং সড়কে কার্যকর শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই এ সভা হয়।
প্রধানমন্ত্রী এই উপ প্রেস সচিব বলেন, “বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং রাজধানীর গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা কীভাবে দূর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
“এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।”
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।
