২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হাম: উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 04:23 PM

Updated : 27 Sep 2026, 04:54 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নয় জন মারা গেছে; এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৫৫ জন।

তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ৯৯৫ জনে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০১ জনের।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছে।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে।

এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৫ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮১, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।

বুলেটিনে আরো বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২২৮ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। যার মধ্যে এক হাজার ১৫৫ জন ভর্তি হয়েছে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩০৯ জন, চট্টগ্রামে ৩১৩, সিলেটে ১৫৩, বরিশালে ১২৭, খুলনায় ৯৩, ময়মনসিংহ ৯৬, রাজশাহীতে ২৮ ও রংপুরে ৩৬ জন।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।

কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।