১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারিকেল গাছের মাথায় ওঠা বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস

স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলে বিড়ালটি গাছের মাথায় উঠে যায়। এরপর আর নামতে পারেনি, দুদিন সেখানেই আটকে ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ঢাকার মিরপুর ১০ নম্বরের একটি উঁচু নারিকেল গাছে উঠে আর নামতে না পারা এক বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধার করে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর ১০ নম্বরের হোপের গলির একটি গাছে উঠে পড়ে বিড়ালটি। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলে বিড়ালটি গাছের মাথায় উঠে যায়। এরপর আর নামতে পারেনি। দুদিন সেখানেই আটকে ছিল।

মঙ্গলবার এক তরুণী ঘটনাটি ফেইসবুকে পোস্ট করেন। সেটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজে নজরে এলে তিনি ডিএনসিসির কর্মীদের বিড়াল উদ্ধারের নির্দেশ দেন।

কিন্তু গাছটি অনেক উঁচু হওয়ায় ডিএনসিসি কর্মীরা গিয়ে ব্যর্থ হন। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিড়ালটি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে প্রায় ৬০ ফুট লম্বা নারিকেল গাছের মাথায় উঠে পড়েছিল। ফায়ার ফাইটাররা গাছে উঠে বিড়ালটিকে উদ্ধার করে কিন্তু সেটিকে নিচে নামা যাচ্ছিল না। পরে চাদর বিছিয়ে সেখানে ফেলা হয়।

বিড়ালটি অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।