Published : 08 Jun 2026, 03:30 PM
হজ পালনের জন্য বৈধ প্রক্রিয়ায় অনুমতি বা হজ পারমিট গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।
হজের আনুষ্ঠানিকতা সহজে সম্পন্ন করতে এবং হজযাত্রীর মানসম্পন্ন সেবা নিশ্চিতে সবার জন্য এ পারমিট থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
হজ মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে হজযাত্রার জন্য বিশেষ হজ ভিসা থাকা বাধ্যতামূলক। অন্য কোনো ভিসায় হজ পালনের সুযোগ নেই।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে হজ ভিসার পাশাপাশি হজ পারমিটও থাকতে হবে। আর সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা হজ পালন করতে চান, তাদেরকেও হজ পারমিট গ্রহণ করতে হবে।
সৌদি সরকারের ‘নুসুক’ প্লাটফর্ম থেকে হজের বুকিং দেওয়ার পর পারমিটের জন্য আবেদন করা যায়। অর্থাৎ, হজের প্রাক-নিবন্ধনের সঙ্গে হজ পারমিটের জন্য আবেদন করা যায়। বাংলাদেশ থেকে বেসরকারি মাধ্যমে হজে গেলে সাধারণত এজেন্সিগুলো হজযাত্রীর পারমিটের জন্য আবেদন করে।
অননুমোদিত মাধ্যমে বা ভুয়া পারমিটের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি শাস্তির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়।