১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুলিশের পোশাক-লোগো পরিবর্তনে কমিটি গঠন

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 05:48 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

সরকার বদলের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে সদর দপ্তর। 

সোমবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে সভাপতি করে গঠিত কমিটির বাকি সদস্যরা হলেন অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি (ওঅ্যান্ডএম) ফারুক আহমেদ, অতিরিক্ত ডিআইজি (এপিবিএন) মোহাম্মদ শিহাব কায়সার, পুলিশ সুপার (এপিবিএন) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (লজিস্টিক) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) জুয়েল রানা, পুলিশ পরিদর্শক (সিআইডি) মো. জাহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মো. সান্টুর রহমান ও কনস্টেবল বরকত উল্লাহ।

এই কমিটি পোশাকের কাপড়ের মান, নকশা তথা যেকোনো কারিগরি বিষয়ে অভিজ্ঞ সদস্যদের কমিটিতে কো-অপ্ট করতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে হয়েছে।

পোশাক তৈরিতে কাপড়ের মান ও ডিজাইন ঠিক করতে বাহিনীর অভিজ্ঞতা সম্পন্ন সদস্যদের এই কমিটিতে নিয়োগ দিতে পারবেন বলেও জানান কামরুল আহসান।

পোশাক বদলাচ্ছে পুলিশেরকর্মবিরতি প্রত্যাহার

সরকার পতন এবং শেখ হাসিনার পদত্যাগের দিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা-আক্রমণ ও হত্যার শিকার হন পুলিশ সদস্যরা। এরপর থেকে নিরাপত্তাহীনতার মধ্যে ভয় ও আতঙ্কে কাজে ফেরেননি তারা। পরে কেউ কেউ থানায় ফিরলেও তারা সাদা পোশাকে ছিলেন। বিভিন্ন বিষয়ে ক্ষোভ জানিয়ে তারা ১১ দফা দাবি দেন তারা।

এর প্রেক্ষিতে রোববার কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। 

সেখানে পুলিশের বর্তমান পোশাক পরিবর্তনের দাবিতে সায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে। 

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে পোশাক ও লোগো পরিবর্তনে কমিটি গঠন করল এই বাহিনীর সদর দপ্তর।