Published : 01 Dec 2025, 09:30 PM
বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রীসহ একটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার উদ্ধারকারী দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে।
বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানযোগে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই ত্রাণ কার্যক্রম সমন্বয় করছে।
সম্প্রতি ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে দেশটিতে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৩৫৫ জন নিহত হয়েছেন। নিখোঁজের সংখ্যা সাড়ে তিন শতাধিক।
এছাড়া ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা চেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য যেকোনো মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশ সরকার দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তা পাঠিয়েছে।
শ্রীলঙ্কায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় এরই মধ্যে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেছেন, “এ দুঃসময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার পাশে রয়েছে।”