২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৬ জেলায় বন্যার আভাস

মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 06:32 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

ভারি বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ছয় জেলা— ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোণায় বন্যা পরিস্থিতি তৈরির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার এক বুলেটিনে বলেছে, আগামী দুই দিন ফেনীর মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে। 

কারণ হিসেবে বলা হয়েছে, ভারি বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে। আর মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পরের এক দিনে এসব নদীর পানি কমে যাওয়ার আভাসও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি আগামী তিনদিন বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। 

এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে।

বুলেটিনে বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও  আগামী তিনদিন বাড়তে পারে; তিস্তার পানি নদী সতর্কসীমা প্রবাহিত হতে পারে।

আগামী দুইদিন পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হতে পারে। 

বুলেটিনে বলা হয়, সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে, তবে আগামী তিন দিন  বাড়ার আভাস থাকলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কমছে। আগামী এক দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী চার দিন বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচে থাকার আভাস রয়েছে। 

গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে,  অন্যদিকে পদ্মা নদীর পানি বাড়ছে। নদী দুটির পানি আগামী পাঁচদিন বাড়ার সম্ভাবনা থাকলেও তা বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনাই বেশি।

গভীর নিম্নচাপ: অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌযান চলাচল বন্ধ

লঘুচাপ: সাগর-মেঘনা উত্তাল, হাতিয়ায় নৌ যোগাযোগ বন্ধ

উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের আভাস

ভোলার সব নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ, নিম্নাঞ্চল প্লাবিত