১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধস, নারী নিহত

বৃষ্টির মধ্যে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি, সেসময় নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে ইটের অংশ তার মাথায় পড়ে, বলেন এক স্বজন।

রাজধানীতে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধস, নারী নিহত
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 12:59 AM

Updated : 26 Aug 2026, 03:09 PM

রাজধানীতে ঝড়-বৃষ্টির সময় মগবাজারের মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মাথায় ইট পড়ে এক পথচারী নারী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মধুবাগের তিন নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রাশেদা বেগম (৩৫) বাসা-বাড়িতে কাজ করতেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের রিকশাচালক সাইফুল ইসলামের স্ত্রী। মধুবাগ তিন নম্বর গলিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাশেদাকে নিয়ে আসা তার দেবর সাখাওয়াত হোসেন বলেন, “একটি বাসায় কাজ শেষে বৃষ্টির মধ্যে হেঁটে বাসায় ফিরছিলেন রাশেদা। সেসময় মধুবাগ তিন নম্বর গলিতে নির্মাণাধীন ভবনের ওপর থেকে দেওয়াল ধসে ইটের অংশ তার মাথায় পড়ে।”

সাখাওয়াত বলেন, আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এসেছেন।