১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তির আবেদনের সময় ফের বাড়ল

সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১৮ অগাস্ট রাত ১০টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 09:17 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফলাফলেও কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১৮ অগাস্ট রাত ১০টা পর্যন্ত।

২১ অগাস্ট সবশেষ ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে। ২২ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন শেষে ২৫ অগাস্ট কলেজে ভর্তি করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের প্রেক্ষিতে একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। 

শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে শূন্য আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে। 

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফলাফলেও কলেজ পাননি ১২ হাজারের বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে সাড়ে ৭০০ জন মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছেন। তাদের কথা বিবেচনায় নিয়েই ভর্তির আবেদনের সময় বাড়ানো হল।

এবার ২৯ হাজার ৮৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।

১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।