১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ব ইজতেমা কবে? জানতে চায় তাবলীগ জামাতের একাংশ

“সাদপন্থিরা লিখিত দিয়ে গতবার শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল; সেক্ষেত্রে তাদের আর ইজতেমা করার সুযোগ নেই,” বলেন কেফায়েতুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ভোটের বছরে বিশ্ব ইজতেমা কবে আয়োজন করা যাবে, তার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশের একাংশ।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন তাবলীগ জামাতের (শুরায়ী নেজাম দল) নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “তাবলীগ জামাত বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। সরকারের সহযোগিতা ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত হলে এবারের ইজতেমা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।”

এর আগে গেল রোববার তাবলীগের বিবাদমান দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছিলেন, “আগামী বছর তাবলীগ জামাতের দুপক্ষের আয়োজনে আলাদা আলাদা বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।”

সে প্রসঙ্গ ধরে কেফায়েতুল্লাহ বলেন, “এবারের ইজতেমা ২৬ মার্চ করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ এসেছে। তবে সরকার নির্ধারিত তারিখে ইজতেমা আয়োজন করতে হলে ডিসেম্বরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা জরুরি।”

সংবাদ সম্মেলনে বেশ কিছু দাবি তুলে ধরা হয়—

>> সাদপন্থিদের টঙ্গী মাঠে ইজতেমা আয়োজনের সুযোগ না দেওয়া।

>> সরকার নির্ধারিত তারিখে ইজতেমা করতে চাইলে ডিসেম্বরের মধ্যে তারিখ ঘোষণা করা।

>> অস্থায়ীভাবে টঙ্গী ইজতেমা মাঠকে কেপিআই এলাকা হিসেবে ঘোষণা করা।

>> দেশের বাইরে থেকে আগত মেহমানদের ভিসা প্রাপ্তি সহজ করতে হবে।

>> ইজতেমায় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তির আওতায় আনা।

সাদপন্থিরা ইজতেমা আয়োজন করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে কেফায়েতুল্লাহ বলেন, “সরকারের কাছে তারা লিখিত দিয়ে গতবার শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল। সেক্ষেত্রে তাদের আর ইজতেমা করার সুযোগ নেই। 

“তাছাড়া উল্লিখত তিন দফা বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।”

সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের বিভিন্ন পর্যায়ের শুরা সদস্য, আলেম ও প্রশাসনিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।