১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে জয়ে জাপানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথাও তুলে ধরা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বিজয়ে দেশটির প্রধানমন্ত্রীকে সানাই তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার পাঠানো এক বার্তায় তিনি বলেন, এ সুস্পষ্ট জনমত জাপানের জনগণের পক্ষ থেকে দেশটির নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

“আপনার ধারাবাহিক নেতৃত্বে জাপান আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে স্থিতিশীলতা, সমৃদ্ধি ও গঠনমূলক সম্পৃক্ততা আরও এগিয়ে নেবে।”

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা তুলে ধরে বলা হয়, বাংলাদেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহায়তার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ জাপানের সঙ্গে তার দীর্ঘদিনের ও বিশ্বাসভিত্তিক অংশীদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বাংলাদেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে মানসম্মত অবকাঠামো ও সংযোগে সহযোগিতা, যা আমাদের জনগণ ও অর্থনীতিতে স্থায়ী অবদান রেখেছে।”

বার্তায় আরও বলা হয়, অংশীদারিত্ব আরও জোরদার করা, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা গভীর করা এবং পারস্পরিক কল্যাণে অভিন্ন অগ্রাধিকার এগিয়ে নিতে জাপানের নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ সরকার।

বার্তায় জাপানের জনগণের শান্তি, অগ্রগতি ও কল্যাণের প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।