ঈদের দিন রামিসাদের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিলেন রিজভী
“আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তাদের পরিবারের পাশে থাকব,” বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসাদের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঈদের দিন দুপুরে রিজভী রামিসার বাসায় যান এবং তার বাবা-মা-বোনের সঙ্গে কথা বলেন।
পরে রিজভী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তাদের পরিবারের পাশে থাকব।”
প্রধানমন্ত্রী এরইমধ্যে রামিসার বড় বোনের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন বলে তিনি তথ্য দেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন এ সময় উপস্থিত ছিলেন।
গত ১৯ মে পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তাদের প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
