১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মার পানি বাড়তে পারে ৫ দিন

চট্টগ্রাম বিভাগের বেশ কিছু নদীর পানি বাড়ার আভাস।

পদ্মার পানি বাড়তে পারে ৫ দিন
পদ্মা নদী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 07:12 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

দেশের প্রধান নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এর মধ্যে আগামী পাঁচ দিন পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

শনিবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি বৃদ্ধি পেলেও পদ্মার পানি ছিল স্থিতিশীল।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিন পদ্মার পানি সমতল বৃদ্ধি পেতে পারে। আর গঙ্গার পানি আগামী ২ দিন বেড়ে পরবর্তী তিনদিন স্থিতিশীল থাকতে পারে। তবে গঙ্গা ও পদ্মা উভয় নদীর পানি প্রবাহিত হতে পারে বিপৎসীমার নিচ দিয়ে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি বাড়লেও যমুনা নদীর পানি স্থিতিশীল ছিল। আগামী একদিন ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে পরবর্তী চারদিন স্থিতিশীল থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারার পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। এই অবস্থা আগামী একদিন স্থিতিশীল থেকে পরবর্তী দুইদিন আবার বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী একদিন বেড়ে পরবর্তী দুইদিন দ্রুত বৃদ্ধি পেতে পারে।