এবার পূজা আরও উৎসবমুখর হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার
“সবকিছু ভালোভাবেই চলছে। বাইরের কোনো কথায় কান দেবেন না,” বলেন তিনি।
এবার অত্যন্ত ‘শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর’ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা পালিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার বিকালে ঢাকায় রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, “এবার প্রস্তুতি ভালো হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই, গত বারের চেয়েও এবার পূজা ভালোভাবে হবে, উৎসবমুখর এবং নির্বিঘ্নে হবে।”
ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা বজায় রাখার অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ধর্মীয় সব রীতিনীতি মেনে চলতে হবে। কেউ যেন পবিত্রতা নষ্ট না করি।”
গত বারের চেয়ে এবার সরকারের পক্ষ থেকে বরাদ্দ বেশি দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আগের বার সরকার ২ কোটি বরাদ্দ দিয়েছে, এবার ৫ কোটি টাকা দেওয়া হয়েছে।
এরপরেও কোনো প্রয়োজন থাকলে পাশে থাকার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ার পাশাপশি নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে বলেও তথ্য দেন তিনি।
“তাদেরও (পূজা কমিটির) লোক থাকবে। আর আনসার, পুলিশতো থাকছেই। সার্বক্ষণিক নজরদারি করা হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “হামলার কোনো হুমকি নাই। সবকিছু ভালোভাবেই চলছে। বাইরের কোনো কথায় কান দেবেন না।”
এই উৎসব পালনে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিভিন্ন পূজা মণ্ডপে কমিটির নিজেদের মধ্যে কলহের কারণে বিশৃঙ্খলা হতে পারে, সম্প্রতি তার এই মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া উপদেষ্টা বলেন, “সব জায়গায় এরকম। ভাই বোনের মধ্যে অন্তঃকোন্দল থাকে, ভাই-ভাইয়ের ভেতরে থাকে। পাড়া-পড়শির মধ্যে থাকে। এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান আশা করি এখানে অন্তঃকোন্দল থাকবে না। সবাই একসাথে উদযাপন করবে।”
রমনা কালী মন্দির কমিটির সভাপতি অপর্ণা রায় আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় পূজা সুন্দরভাবে উদযাপিত হবে।
২১ তারিখ মহালয়ের মাধ্যমে পূজা শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত এই শারদীয় দূর্গোৎসব পালিত হবে।
বিগত সরকারকে ‘ফ্যাসিষ্ট’ সরকার আখ্যায়িত করে অপর্ণা রায় বলেন, “১৭ বছর সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। আমরা বলব না, শুধু সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতিত হয়েছে।”
অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে তিনি বলেন, আগে ছুটি ছিল এক দিন, এ সরকার দুই দিন করেছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ‘একটি সুন্দর রাষ্ট্র’ পাওয়া গেছে মন্তব্য করে অপর্ণা রায় বলেন, “পাশের দেশের শুভেন্দু বারবার বলেন, বাংলাদেশের হিন্দুরা শান্তিতে নেই। তাহলে সাড়ম্বরে দূর্গাৎসব পালন করলাম কীভাবে। এখন ৩৩ হাজার মণ্ডপ কীভাবে হলো।"
তিনি শুভেন্দুকে পূজায় আমন্ত্রণ জানিয়ে বলেন, "ভারতের কুকুর ঘেউ ঘেউ করে। শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি; বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে, দেখে যান।"
