জামায়াত নেতার মৃত্যু: ঝিনাইগাতীর ইউএনও এবার ওএসডি
‘জনস্বার্থে’ তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার কথা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শেরপুর-৩ আসনে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতার প্রাণহানির ঘটনায় ঝিনাইগাতীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেলকে প্রত্যাহারের পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলেছে, ‘জনস্বার্থে’ তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হল। অবিলম্বে এটি কার্যকর হবে।
বুধবার রাতে শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতকর্মীদের সংঘর্ষ বাঁধে। তাতে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রেজাউল ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ছিলেন। তার মৃত্যুর জন্য বিএনপিকে দায়ী করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে জামায়াত।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ঝিনাইগাতী ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের কথা বলেন।
