১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলে গেল মাইলস্টোনের আরেক শিক্ষার্থী, মৃত্যু বেড়ে ৩০

শ্বাসনালীসহ মাহতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

চলে গেল মাইলস্টোনের আরেক শিক্ষার্থী, মৃত্যু বেড়ে ৩০
মাহতাব রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে ১৫ বছর বয়সী মাহতাব রহমান মারা যায় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, “মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা গেছে।”

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩০ জনের।

ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। সে উত্তরায় পরিবারের সঙ্গে থাকত।

মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া ঘটনার পর জানিয়েছিলেন, তিনিই প্রতিদিন মাহতাবকে স্কুলে আনা-নেওয়া করতেন। সোমবারও ছেলেকে আনতে গিয়েছিলেন, কিন্তু বিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ হয় সে। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়।  দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩০ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

দগ্ধ ও আহত ৫৬ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের আটজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে এখনো ছয়জনের পোড়া লাশ শনাক্ত করা যায়নি।  ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছে।