১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাতে রিকশা চালিয়ে ভোরে গ্যারেজের দিকে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন ইউসুফ।

ঢাকার শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; এখানেই মৃত্যু হয়েছে আহত ওই ব্যক্তির। ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:14 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর বাঁশতলা এলাকায় ট্রাকের ধাক্কায় এক রিকশাচালকের প্রাণ গেছে। 

মো. ইউসুফ নামের ওই রিকশা চালকের বয়স ৪৫ বছর। বুধবার রাত সাড়ে ৩টার দিকে তিনি দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ।

আহত ইউসুফকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইউসুফকে হাসপাতালে নেওয়ার সময় তার সঙ্গে ছিলেন আরেক রিকশা চালক আমিনুল ইসলাম। তারা একই গ্যারেজের রিকশা চালান।

আমিনুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাতে রিকশা চালিয়ে ভোরে কালাচাঁদপুরে গ্যারেজের দিকে ফিরছিলেন ইউসুফ। একটি ট্রাক ধাক্কা দিলে রিকশাসহ ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে গুলশান থানা পুলিশ রাস্তায় পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় শনাক্ত করা যায়নি। আমরা চেষ্টা করছি ট্রাকটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তার করতে।"

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ইউসুফের গ্রামের বাড়ি শেরপুর জেলায়। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার।