প্রশাসকের নাম ভাঙিয়ে টেন্ডারবাজির অভিযোগে দুজনকে পুলিশে দিল ডিএনসিসি
“ওই দুজন বর্তমানে থানায় আছেন; তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে,” বলেন রূপনগর থানার এসআই আসাদুল ইসলাম।
প্রশাসকের নাম ভাঙিয়ে টেন্ডার বাণিজ্যের অভিযোগে দুজনকে পুলিশে দেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার ঢাকার রূপনগর এলাকা থেকে তাদের ধরা হয় বলে ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রাতে রূপনগর থানার ডিউটি অফিসার এসআই আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুজন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
এর আগে ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ পাইয়ে দেওয়ার নামে একটি চক্রের বিরুদ্ধে অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগ ছিল।
“অভিযোগের ভিত্তিতে তদন্ত করে শনিবার ডিএনসিসির অঞ্চল-৫ এর আওতাধীন রূপনগর এলাকা থেকে ওই দুজনকে হাতেনাতে ধরা হয়। পরে তাদের রূপনগর থানায় সোপর্দ করেন প্রশাসক শফিকুল ইসলাম খান।“
প্রশাসককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “দীর্ঘদিন ধরে আমার নাম ভাঙিয়ে একটি চক্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তবে আমার কোনো আত্মীয়-স্বজন কিংবা আমার কোনো লোক এর সঙ্গে জড়িত নয়।”
