১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিএমপির নতুন কমিশনার সিআইডিপ্রধান মোসলেহ উদ্দিন

পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা তিন দিন আগেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

ডিএমপির নতুন কমিশনার সিআইডিপ্রধান মোসলেহ উদ্দিন
মোসলেহ উদ্দিন আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 08:08 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

সিআইডিপ্রধান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা তিন দিন আগেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

রোববার তাকে ডিএমপি কমিশনারের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেলে বৃহস্পতিবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পান। এর দুদিনের মাথায় নতুন পুলিশ কর্মকর্তা পেল ডিএমপি।

আগের ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ২৫ ফ্রেব্রুয়ারি পদত্যাগ করলে অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে এতদিন দায়িত্ব পালন করেন।

বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন ডিএমপি কমিশনারের নতুন দায়িত্ব পাওয়ার আগে গত ২৫ মার্চ থেকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) এর দায়িত্বে ছিলেন।

খাগড়াছড়ির রামগড় উপজেলার এ বাসিন্দা পুলিশে যোগ দেওয়ার পর ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশসহ কুষ্টিয়া, ভোলা ও শেরপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ২৪ অক্টোবর অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতির আগে তিনি ডিআইজি (হেডকোয়ার্টার) ছিলেন।