Published : 22 Jun 2025, 02:13 PM
স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ‘সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ’।
রোববার বেলা ৩টার মধ্যে এমপিওভুক্তির জন্য এক হাজার কোটি টাকার বাজেট ঘোষণা চেয়েছেন তারা। তা না হলে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি রোববারও অব্যাহত রেখেছেন প্রায় তিন শতাধিক শিক্ষক। তাদের অনেককেই প্রতীকী কাফনের কাপড় পরে অবস্থান নিয়েছেন।
তাদের দাবি, দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করেছে, তার মধ্যে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়া ‘সবচেয়ে যৌক্তিক ও মানবিক’ দাবি। তাই চলতি অর্থবছরেই তাদের এমপিওভুক্তির দাবির বাস্তবায়ন দেখতে চান।

সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদের সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, “সচিবালয়ে আমাদের একটি প্রতিনিধিদল আছেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। হয়ত তারা আমাদের ডাকবে। তাই কেউ হতাশ হবেন না। কাফনের কাপড় পরে আত্মাহুতি দিলে আমরা সবাই দেব। তার আগে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।”
শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা ৩ মাস ১২ দিন সময় দিয়েছি। কোনো অদৃশ্য শক্তির জন্য আপনারা এমপিওভুক্তির ঘোষণা দেননি। আজ বেলা ৩টার মধ্যে সুস্পষ্ট বাজেট ঘোষণা করতে হবে।”

এমপিওভুক্তির জন্য বর্তমান সরকারের কাছে টাকা-পয়সা কোন ‘বাধা না’ মন্তব্য করে তিনি বলেন, “বিষয় হল মানসিকতার। আপনারা ৮০০ থেকে ১ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন, আমরা মিষ্টিমুখ করে বাড়ি ফিরে যাব। আমরা ক্লাসে ফিরে যাব।”
আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাজমুল সাদাত বলেন, “আমরা এমপিওভুক্তির ঘোষণা ছাড়া ঘরে ফিরে যাব না। যতদিন আমাদের দাবি আদায় না হবে, ততোদিন রাজপথে আমাদের অবস্থান চালিয়ে যাব।”