Published : 18 Jun 2026, 06:24 PM
জুলাই আন্দোলনের সময় বাবুল নামে প্রাইভেটকার চালককে হত্যার মামলায় এবার দেশ টেলিভিশনের এমডি মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর হারুন অর রশীদ জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. আবু সাঈদ সোমবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, আরিফ হাসান হামলা সংঘটিত করতে ‘অর্থ জোগানদাতা’ হিসেবে কাজ করেছেন। তার সহযোগীরা ঘটনাস্থলে থেকে সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
ওই আবেদনে আদালত শুনানির দিন ধার্য করেছিল বৃহস্পতিবার।
এদিন শুনানির সময় আরিফ হাসানকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে হারুন অর রশীদ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “এ আসামি আওয়ামী লীগের অর্থদাতা৷ তিনি জুলাই আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। তদন্তে এই মামলায় তার নাম এসেছে৷ তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।”
আরিফ হাসানের আইনজীবী তাহমিনা সুলতানা তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করে বলেন, আরিফ হাসান প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দেশটিভির এমডি। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না৷ তিনি অসুস্থ, হার্টে চারটি রিং পরানো হয়েছে।
সুনাম ক্ষুণ্ন ও হয়রানি করতে আরিফ হাসানকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে দাবি করে তাহমিনা সুলতানা বলেন, “এ পর্যন্ত ৯ মামলায় জামিননামা দাখিল করা হয়েছে। এর বাইরেও তার মামলা রয়েছে। একই দিনে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কীভাবে হামলা করেন।”
বাবুর হত্যা মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাইয়ে উত্তরা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন প্রাইভেটকার চালক বাবুল। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় গত বছরের ২২ জুলাই বিমানবন্দর থানায় বাবুলের স্ত্রী সুরমা বেগম হত্যা মামলা করেন।