১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদার জিয়ার মৃত্যু: ৪৬তম বিসিএসের বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করায় পিএসসি এ সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

ছেচল্লিশতম বিসিএসের বুধবার ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণার বিষয়টি তুলে ধরে মঙ্গলবার বিকালে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষা পরীক্ষার তারিখ পরে জানানো হবে। 

ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।

গেল ২৮ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সূচি অনুসারে বুধবার সাধারণ ক্যাডারের পদে ১৯৫ জন মৌখিক পরীক্ষায় বসার কথা ছিল। 

বৃহস্পতিবারও একই ক্যাডারের সমসংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সূচি ছিল।

এর আগে ২৭ নভেম্বর ৪০৪২ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

গত বছরের ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।

‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত বছরের ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।

আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের গত বছরের ২৭ নভেম্বর প্রকাশ করা হয়।

পরে গেল ২৪ মার্চ ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে, প্রার্থীদের আন্দোলনের মুখে গত ২১ মে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

শেষ পর্যন্ত ২৪ জুলাই থেকে শুরু হয়ে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৩ অগাস্ট পর্যন্ত চলে। ১০ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।