Published : 21 Sep 2024, 09:51 PM
খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটিতে আদিবাসীদের ওপর হামলা, হত্যা ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ‘সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ' ব্যানারে এই বিক্ষোভ থেকে ছয়টি দাবি তুলে ধরা হয়।
এতে বলা হয়, পাহাড়িসহ সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতসহ জানমাল রক্ষা করতে হবে। জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এ ঘটনার তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবির পাশাপাশি ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার, দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিও জানানো হয় বিক্ষোভে।
পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে আগামী ৬ মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবিও তুলেন সমাবেশে অংশগ্রহণকারীরা।
সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের অর্থ সম্পাদক অনন্যা দ্রং।
তিনি বলেন, “পাহাড় এবং সমতলে আদিবাসীদের ভূমি বেদখল, উচ্ছেদ, ধর্ষণ ও হত্যার ঘটনা দিনকে দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে।...পাহাড়ে এবং সমতলে আদিবাসীদের উপর জুলুম, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে।”
১৯৯৭ সালের ২ ডিসেম্বর সই হওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৬ বছরেও মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “পাহাড়ের আদিবাসীদের নানাভাবে অধিকার বঞ্চিত করে ক্রমাগত প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেটেলার বাঙালি কর্তৃক সংগঠিত সাম্প্রতিক ঘটনা তারই ধারাবাহিকতা।”
বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা, সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীপ্তি দত্ত, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য রিপন চন্দ্র বানাই, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনী রেমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, গারো স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি ডন যেত্রা, গারো স্টুডেন্ট ইউনিয়নের প্রতিনিধি জানকি চিসিমও সমাবেশে বক্তব্য রাখেন।
বাংলাদেশ আদিবাসী ফোরামের ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল আজিমের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরান।
সমাবেশ শেষে একটি মিছিল টিএসসি থেকে শাহবাগ প্রদক্ষিণ করে আবার সমাবেশস্থলে আসে।