Published : 05 May 2026, 10:48 PM
রাজধানীতে চাকরির সাক্ষাৎকারের নামে ডেকে নিয়ে ‘হত্যার উদ্দেশ্যে অপহরণ, মারধর ও চাঁদাবাজির’ অভিযোগ তুলে এক নাট্য প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাফিক ডিজাইনার।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে ওই মামলা হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানিয়েছেন।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে।
মো. রফিকুর রহমান খান নামে সেই নাট্য প্রযোজক ‘বিগ সিটি ড্রামা’ ইউটিউব চ্যানেলের মালিক। মো. রিজন মিয়া নামে এক গ্রাফিক ডিজাইনার তার বিরুদ্ধে মামলা করেছেন। রিজন কাজ করছেন ‘বঙ্গ মিডিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলে।
বাদীর আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, “মামলার আবেদনে রফিকুর রহমান খানকে প্রধান আসামি করা হয়েছে। তার ডাক নাম রাসেল খান। ভুক্তভোগী ন্যায়বিচার চেয়ে মামলা করেছেন।”
মামলায় নাম না জানা আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে বলে তথ্য দিয়েছেন আইনজীবী গালিব।
মামলায় অভিযোগ করা হয়, পেশাদার গ্রাফিক ডিজাইনার রিজন মিয়ার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করেন রফিকুর রহমান খান। তাকে একটি প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরির প্রস্তাব দেন। গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে মৌখিক সাক্ষাৎকারের কথা বলে রিজন মিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের ৪ নম্বর রোডের ৪২ নম্বর বাসায় ডাকা হয়। সেখানে পৌঁছানোর পর আসামিরা তাকে একটি কক্ষে আটকে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে জখম করেন।
অভিযোগে আরও বলা হয়, রিজনকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। রিজনের একটি ব্যাংক হিসাবের সাতটি খালি চেক নিয়ে সেগুলোতে সই করতে বাধ্য করেন আসামিরা।
ওই ঘটনার পর রিজন ভাটারা থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়; এরপর আদালতের শরণাপন্ন হন রিজন।