১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়াতে ডিএমপিকে ইসির চিঠি

নির্বাচন ভবনের সামনে ও আশপাাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় এ ভবনের নিরাপত্তা ঝুঁকিয়ে রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 01:39 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ডিএমপি পুলিশ কমিশনারকে এ সংক্রান্ত ইসির চিঠি পাঠিয়েছেন উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম।

সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনার পর নির্বাচন ভবনের নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে সার্বক্ষণিক নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিল ইসি।

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে।

ডিএমপির কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চলমান থাকায় নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

গত শনিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নির্বাচন ভবনের সামনে ও আশপাাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় এ ভবনের নিরাপত্তা ঝুঁকিয়ে রয়েছে। এমন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদারের ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছে ইসি।

ইসি প্রধান নিরাপত্তা কর্মকর্তা জানান, সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় জরুরি ভিত্তিতে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে এ চিঠি দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তায় ভভবনের সামনের রাস্তার উপর অবৈধ/ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদে চিঠি দেওয়া হয়। 

এর পরিপেক্ষিতে আগারগাঁও এলাকা থেকে আলোচিত ‘কেকপট্টির’ দোকানগুলো উচ্ছেদ করে যৌথবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন

নির্বাচন কমিশনের সামনে 'ককটেল বিস্ফোরণ', আটক ১

আগারগাঁওয়ের সেই 'কেকপট্টিউচ্ছেদ