Published : 02 Dec 2025, 12:03 AM
ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চালে একটি বা দুইটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য দিয়েছে অধিদপ্তর।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ ডিসেম্বরের পর দেশের পশ্চিম ও উত্তরাঞ্চালে একটি বা দুইটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”
ডিসেম্বরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এক-দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
ডিসেম্বরে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।