১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে জার্মানি সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত, বলেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ।

বুধবার বেলা ২টায় প্রধান বিচারপতির কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয় বলে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য প্রধান বিচারপতির তার নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের প্রশংসা করেছেন জার্মান রাষ্ট্রদূত।

“বিশেষ করে প্রধান বিচারপতির অক্লান্ত চেষ্টায় বিচার বিভাগের জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি।”

আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রদূত লোৎজ আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে জার্মানি সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও প্রধান বিচারপতিকে অবহিত করেন তিনি। 

প্রধান বিচারপতি জার্মান রাষ্ট্রদূতকে ‘বিপ্লবোত্তর’ বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন বলে অবহিত করেন। উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে জার্মানির বিচার বিভাগের পারস্পারিক মিথস্ক্রিয়া বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।