১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে বেপরোয়া ব্যাটারিচালিত রিকশা, প্রাণ গেল নারীর

মেয়েকে বাঁচাতে তানিয়া তাকে একদিকে সরিয়ে দিলেও নিজে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 10:25 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে শাহবাগ মোড়ে তানিয়া বেগম (৩০) নামের ওই নারী রিকশার চাপায় আহত হন বলে তার স্বজনরা জানিয়েছেন। 

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তানিয়ার স্বামী হাসিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) অফিস সহকারী। 

দুপুরে চার বছর বয়সী একমাত্র মেয়েক নিয়ে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তানিয়া ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়েন বলে জানান হাসিবুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তানিয়া দাঁতের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য দুপুরে আজিমপুরের ভাড়া বাসা থেকে মেয়েকে নিয়ে বিএসএমএমইউতে আসছিলেন। হাসিবুর তাদেরকে শাহবাগ মোড়ে দাঁড়াতে বলেছিলেন। 

“তারা যখন রিকশা থেকে নেমে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে ছিল, সে সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা আসছিল।”

হাসিবুর বলেন, সে সময় মেয়েকে বাঁচাতে তানিয়া তাকে একদিকে সরিয়ে দিলেও নিজে রিকশার চাপায় গুরুতর আহত হন। 

“তাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানিয়ার মৃত্যু হয়।”

শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দীন শাহীন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, রিকশাটি রেখে চালক চা পান করতে গিয়েছিল। এক পর্যায়ে রিকশাটি নাকি হঠাৎ চলতে শুরু করলে এই দুর্ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও মামলা হবে বলে জানিয়েছেন ওসি।