Published : 06 Apr 2026, 07:39 PM
প্রতি বছরের মত এবারও সাগরে মাছ ধরা বন্ধ থাকবে প্রায় দুই মাস।
আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রাখার ঘোষণা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এর আগে সচেতনতা বাড়াতে মঙ্গলবার থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার। এদিন চাঁদপুর সদরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান হবে।
দেশের সব মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু পূর্ণবয়সী ইলিশ মাছ পৌঁছানোর লক্ষ্যে প্রচার চালাতে এ কর্মসূচি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের টেকসই উৎপাদন বাড়ানোসহ এ মাছের দাম সাধারণের নাগালের মধ্যে আনতে কাজ করবে সরকার। এ লক্ষ্যে জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন জরুরি।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় পালিত হবে। এ লক্ষ্যে তিন দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে জেলেদের প্রতি সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সরকার কোনো অনিয়মকে প্রশ্রয় দেবে না। যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।