Published : 08 Jun 2026, 08:49 PM
প্রাথমিকের ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে জামা-জুতা-মোজা ও ব্যাগ দেওয়ার পাইলট কর্মসূচি জুলাই মাসে বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সভায় তিনি বলেন, প্রথম ধাপে কয়েক লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৪ লাখের বেশি শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।
সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী এই পাইলট কর্মসূচি শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৫ লাখ পাটের স্কুল ব্যাগ সরবরাহে সহযোগিতা করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় উপজেলা ও স্থানীয় পর্যায়ে কর্মসূচির বাস্তবায়ন এবং দ্রুত শিক্ষার্থীদের কাছে সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সার্বিক সহায়তা দেবে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো শরীফুল আলম সভায় উপস্থিত ছিলেন।