২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিআরআই প্রদর্শনীতে ‘যৌথ সক্ষমতা’ তুলে ধরা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

“মার্কিন শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল রোববার ঢাকায় আসছে,” বলেন শেখ বশিরউদ্দীন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 04:52 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

ঢাকায় আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রদর্শনীর মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “আমাদের পারস্পরিক সহযোগিতা ও আইডিয়া শেয়ার করার প্ল্যাটফর্ম এ প্রদর্শনী। এর মাধ্যমে ট্রেড ও ইনভেস্টমেন্টের সংযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে।”

শুক্রবার ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী আয়োজন করা হয়। 

সেখানে সংবাদমাধ্যমে বাণিজ্য উপদেষ্টা এসব মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।”

চীন ও জাপানের অগ্রগতির সঙ্গে বাংলাদেশের তুলনা সম্পর্কিত এক প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, “তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ, কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি।”

সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে সহযোগিতা চেয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, “বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমান মানুষ মারা যায়, সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী চীনের কাছে এ ব্যাপারে সহযোগিতা চেয়েছে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ নিয়ে আরেক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন “আগামী রোববার ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। প্রতিনিধি দলটির সঙ্গে ট্যারিফের কাঠামোগত রূপ কিভাবে দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হবে।”

চীন দূতাবাস আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনে’ বাংলাদেশের আটটি ও চীনের ৩২টি কোম্পানি অংশগ্রহণ করছে। 

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন খাতের দেশি-বিদেশি কোম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা ও প্রযুক্তিবিদরাও অংশগ্রহণ করছেন। 

প্রদর্শনীতে অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে কাজ করা প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবা তুলে ধরেছে। 

শুক্রবার শুরু হওয়া দুই দিনের এ প্রদর্শনী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।