Published : 21 Feb 2026, 10:21 PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মুহূর্তে বাংলা ভাষার সৌন্দর্য তুলে ধরলেন ফ্রাঙ্কো-জার্মান দূতাবাস কর্মকর্তারা।
শুক্রবার রাতে ঢাকায় জার্মান ও ফ্রান্স দূতাবাস নিজেদের ফেইসবুক পেইজে ১ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে।
ব্যতিক্রমী সেই ভিডিওতে ঢাকায় জার্মান দূতাবাস রাষ্ট্রদূত রুডিগার লোৎজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলেসহ দূতাবাসের অন্য কর্মকর্তারাও তাদের পছন্দের বা প্রিয় বাংলা শব্দ নিজের মুখে বলেন।
বাংলায় আপনার প্রিয় শব্দ কোনটি? উপস্থাপকের এ প্রশ্নে কর্মকর্তাদের কেউ বলেন, ‘আম’, কেউ বলেন ‘ফাটাফাটি’, ‘আবার দেখা হবে’, ‘ভাই’, ‘আপু’।
জার্মান-ফরাসি রাষ্ট্রদূতের কাছেও যান উপস্থাপক। প্রশ্ন করেন, “অ্যাম্বাসেডরস, আমরা জানতে চাই আপনার প্রিয় বাংলা শব্দ কী?”
তখন জার্মান রাষ্ট্রদূত বলেন, “আমার প্রিয় বাংলা শব্দ ‘শান্তি’।”
আর ফরাসি রাষ্ট্রদূত বলেন, “আমার প্রিয় বাংলা শব্দ ‘বন্ধুত্ব’।”
এরপর দুই রাষ্ট্রদূত একসঙ্গে বলে ওঠেন, শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাংলা ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বাংলাদেশ ছাড়াও প্রতি বছর অন্যান্য দেশে এ দিবস পালিত হয়ে আসছে।