১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পোস্টাল ব্যালট: কম ভোট যেসব দেশে

সবচেয়ে বেশি ভোট পড়েছে সৌদি আরবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 03:10 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

প্রবাস থেকে পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত সবচেয়ে কম ভোট দিয়েছে জিম্বাবুয়ে, ক্যামেরুন, গায়ানা, নাইজার ও কলম্বিয়া। এসব দেশে মাত্র একজন করে প্রবাসী নিবন্ধিত হয়েছিলেন, ইতোমধ্যে তারা ভোটও দিয়েছেন।

আর দুজন করে ভোট দিয়েছেন লাটভিয়া, ইকুয়েডর, পূর্ব তিমুর, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও গাম্বিয়ার প্রবাসী বাংলাদেশিরা। তারা ভোট দিয়ে ইতোমধ্যেই তা পাঠিয়ে দিয়েছেন।

সুদান ও জাম্বিয়া থেকে ভোট দিয়েছেন তিনজন করে।

১২৩টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে সৌদি আরবে। ২ লাখ ৩৯ হাজারের বেশি নিবন্ধনকারীর মধ্যে ইতোমধ্যে ভোট দিয়েছেন এক লাখ ৪৪ হাজার।

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা থেকে নিবন্ধন করেছেন ৬৩ জন, এর মধ্যে ৩৯ জনের ব্যালট পেপার দেশে পৌঁছেছে।

প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু করেছে নাসির কমিশন। তাতে সাড়ে দিয়ে সাড়ে সাত লাখের মতো প্রবাসী নিবন্ধন সেরেছেন।

১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে যাদের পোস্টাল ব্যালট ফিরবে, সেগুলো গণনা করবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান জানান, শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রবাস থেকে ১ লাখ ৪৪ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

একনজরে প্রবাসীদের পোস্টাল ভোটদান

•    গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট; 

•    ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন ভোটার; 

•    ইতোমধ্যে ভোট দিয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন;

•    বিভিন্ন দেশের ডাক বাক্সে জমা পড়েছে ৪ লাখ ১০ হাজার ৯২৮ ব্যালট; 

•    বাংলাদেশে পৌঁছেছে ১ লাখ ৪৪ হাজার ৮৬০ ব্যালট।

একনজরে দেশে পোস্টাল ভোটদান

•    ভোটারদের কাছে গেছে ৫ লাখ ১৮ হাজার ৬০৩টি ব্যালট;

•    ব্যালট গ্রহণ করেছেন ৭ হাজার ৩৬৭ জন;

•    ইতোমধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৯০২ জন; 

•    ডাক বাক্সে জমা পড়েছে ২ হাজার ৩৯৪ জন।

এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে