Published : 04 Apr 2026, 12:26 AM
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে বাংলাদেশ।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এই শিরোপা জয়ের পথে বাংলাদেশ সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। অন্য সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।
বয়সভিত্তিক এই আঞ্চলিক টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা। ২০২৪ সালেও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।