১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ সাড়ে ৬০০ জন

সাবেক বিচারপতি, আইনজীবী, সেনাবাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তা এবং ব্যবসায়ীরাও জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 11:31 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

বিএনপি নেতাসহ বিভিন্ন পেশার সাড়ে ৬০০ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

এর মধ্যে সাবেক বিচারপতি, আইনজীবী, সেনাবাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তা এবং ব্যবসায়ীরাও রয়েছেন।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দাওয়াতি সমাবেশে নতুন যোগদানকারীদের মধ্যে উপস্থিত ব্যক্তিদের ফুল ও ধর্মীয় বই উপহার দেন দলের আমির শফিকুর রহমান।

অংশগ্রহণকারীদের মধ্যে ২৩ জনের নাম প্রকাশ করা হয়েছে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর মধ্যে রয়েছেন- বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহবায়ক ইয়াকুব সরকার, বংশাল ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাব হোসেন, ৩২ নম্বর ওয়ার্ড মোছলেহ উদ্দিন আহমেদ এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাবেদ ওমর।

সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা ফারুক হোসাইন, সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার সেলিম আহমেদ, ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ন কবিরও জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

এছাড়া গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন, মাওলানা হাসানও জামায়াতে যোগ দিয়েছেন।