Published : 29 Sep 2025, 07:29 PM
তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ ২১ জনের মনোনয়ন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন— পিএসসি।
কমিশন বলছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মূল সনদ ‘না থাকায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১ জনের মধ্যে ১৯ জন সহকারী সার্জন পদে নিয়োগের জন্য মনোনীত হয়েছিলেন। দুজন মনোনয়ন পেয়েছিলেন সহকারী ডেন্টাল সার্জন পদে।
এদের বাইরে সহকারী সার্জন পদে মনোনীত দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এমবিবিএসের সনদ না থাকার কারণে।
সোমবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩ ও ৪৮১০৯৫৪৭ রোল নম্বরধারীদের সহকারী সার্জন পদের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
৪৮২০২৫৮৫ ও ৪৮২০৩৩৭৫ রোল নম্বরধারীর স্থগিত হয়েছে সহকারী ডেন্টাল সার্জন পদের মনোনয়ন।
আর এমবিবিএস সনদ না থাকায় ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩ রোল নম্বরধারী সহকারী সার্জন পদে নিয়োগের প্রার্থিতা বাতিল করার তথ্য দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
কমিশন বলছে, মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত দ্রুতই জানিয়ে দেওয়া হবে।
গত ১১ সেপ্টেম্বর ৩ হাজার ১২০ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন সাময়িক মনোনয়ন পেয়েছিলেন।
এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় গত ২৯ মে; আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
গত ২০ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছিলেন। মৌখিক পরীক্ষা শুরু হয় ৬ অগাস্ট থেকে।
আরও পড়ুন