১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তা দিতে প্রশাসন ‘অপারগ’: রাজশাহীতে শিরোনামহীনের কনসার্ট বাতিল

আর্থিকভাবেও ‘শিরোনামহীন’ ক্ষতিগ্রস্ত হল বলে জানিয়েছেন জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 01:56 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

সরকার পরিবর্তনের পর গেল মৌসুমে বেশ কিছু কনসার্ট হলেও, এবারের পরিস্থিতি ভিন্ন। ঢাকা এবং অন্য জেলা শহরগুলোওতে একের পর এক কনসার্ট বাতিল হচ্ছে। সেই তালিকায় যোগ হল এবার ‘শিরোনামহীন’ ব্যান্ডের নাম।

প্রশাসন 'নিরাপত্তা দিতে অপারগ' হওয়ায় রাজশাহীতে শিরোনামহীন ব্যান্ডের কনসার্ট বাতিল করা হয়েছে। 

ফেইসবুকে পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছে শিরোনামহীন। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রোববার শিরোনামহীনের কনসার্ট করার কথা ছিল।

ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যান্ডের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার রাত ৯টার দিকে তাদের জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ‘প্রশাসন প্রয়োজনীয় পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ’। তাই সমাবর্তনের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।

জিয়া বলেন, "রাত ১০টায় আমাদের রওনা হওয়ার কথা ছিল। আমরা প্রস্তুত ছিলাম। রওনা হওয়ার এক ঘণ্টা আগে আমাদের আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা শঙ্কায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। এই অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আমাদের ছিল।"

জিয়ার ভাষ্য, হুট করে কনসার্টে অংশ না নেওয়ায় কেউ কেউ ধারণা করছে, শিরোনামহীন ইচ্ছাকৃতভাবে এই কনসার্ট বাতিল করেছে। যা সত্য নয়। 

এটি সত্য নয় উল্লেখ করে জিয়া বলেন, "শিরোনামহীন এই কনসার্টের ৩০ শতাংশ সম্মানি অগ্রিম হিসেবে গ্রহণ করে। কনসার্টটি শেষ পর্যন্ত ক্যান্সেল হওয়ায় এখানে আগত অতিথিদের মত আমরাও দুঃখ পেয়েছি।”

এ ঘটনায় আর্থিকভাবেও ‘শিরোনামহীন’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জিয়া। 

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করছে, এজন্য শিরোনামহীন নিয়মের ব্যতিক্রম করে বাকি সম্মানি পরিশোধ না হওয়া সত্ত্বেও রাজশাহী যাওয়ার প্রস্তুতি নিয়েছিল বলে জানিয়েছেন জিয়া। কিন্তু এখন সেটি করা যাচ্ছেনা। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'প্রত্যাবর্তন ২০২৫' কনসার্টে গান করবে শিরোনামহীন। যা আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

টিএসসির রাজু ভাস্কর্যের সামনে কনসার্টটি হবে বলে এক ভিডিও বার্তায় শিরোনামহীন জানিয়েছে।

দেশে ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত

একের পর এক কনসার্ট বাতিল, নেপথ্যে কী? 

নিরাপত্তা সংকট, আতিফ আসলামের কনসার্ট বাতিল