Published : 13 Oct 2025, 10:44 PM
ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলার অভিযোগে দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
সোমবার সংগঠনের নেতাদের দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর অংশ হিসেবে মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে শিক্ষকদের শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, সোমবার ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর ‘দুষ্কৃতিকারীরা’ হামলা চালানোর পাশাপাশি ‘টিসার্স লাউঞ্জ’ ভাংচুর করেছে।
এ ঘটনার প্রতিবাদে সব সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয় বিবৃতিতে।
যদিও শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন কোনো কোনো শিক্ষার্থী।
ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবির সোমবার সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে এক ব্রিফিংয়ে দাবি করেন, “আমার বলতে লজ্জা লাগছে, আমার শিক্ষকরা একজন শিক্ষার্থীকে মেরে তার মাথা ফাঁটিয়ে দিয়েছেন। আর একজন শিক্ষার্থীর পা মচকে গিয়েছে।”
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সকালে যখন সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ঢাকা কলেজে ‘শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির’ খবর আসে।
সেখানে এক শিক্ষার্থীকে শিক্ষকরা কমনরুমে আটকে রাখলে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।