সোনা চোরাচালান: উড়োজাহাজের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি
“আমি জানি না আমাদের বিদ্যমান আইন কী বলে, যাদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটবে, সে ধরনের এয়ারক্রাফটগুলোকে আমরা চিহ্নিত করব।”
উড়োজাহাজে করে সোনা চোরাচালান করলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এলাকায় ‘কাস্টমস হেল্প ডেস্ক’ উদ্বোধন করার সময় এ কথা বলেন তিনি।
এই হেল্প ডেস্ক থেকে মালামাল আনা নেওয়ার সব তথ্য মিলবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, “এয়ারক্রাফটের ভেতরে আলাদা করে কীভাবে স্বর্ণ ঢুকল এবং কীভাবে এটা আসল, এর দায়দায়িত্ব কিন্তু তাদেরকে (এয়ারলাইন্স) নিতে হবে।
“আমি জানি না আমাদের বিদ্যমান আইন কী বলে, যাদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটবে, সে ধরনের এয়ারক্রাফটগুলোকে আমরা চিহ্নিত করব, তারা এখানে রুট পারমিট পাবে না।
“সোজা কথা হল, প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন আনতে হবে।”
চলতি অর্থবছরের বাজেটে যে ব্যাগেজ রুলস ঘোষণা করা হয়েছে তাতে সংযোজন-বিয়োজন আসবে বলেও জানান রাজস্ব বোর্ডের প্রধান।
পরে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে মালামাল নিলাম ও বিনষ্টকরণ প্রক্রিয়া সহজ করা, পর্যাপ্ত জনবল সন্নিবেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিত করা, ২৪ ঘণ্টা সেবা প্রদান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হালনাগাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিশদ আলোচনা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
