১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক মন্ত্রীর সম্পদ ‘জব্দ করায়’ ব্রিটিশ সংস্থাকে গভর্নরের ‘ধন্যবাদ’

রেমিটেন্স প্রক্রিয়া সহজ করার বিষয়ে লন্ডনের কিছু মানি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে কথা হয় গভর্নরের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 11:09 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদ ‘জব্দ করায়’ যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে (এনসিএ) ‘ধন্যবাদ’ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সোমবার যুক্তরাজ্যে যান গভর্নর। সেখানে তিনি নীতিনির্ধারণী বিষয়ক কয়েকটি বৈঠকে অংশগ্রহণ করেন।  

গভর্নর আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যে মোট ২৫ কোটি পাউন্ডের অবৈধ সম্পদ জব্দের দৃষ্টান্ত ভবিষ্যতে অন্য দেশগুলোকে অনুপ্রাণিত করবে; পাচারের অর্থ উদ্ধারে তারা আরও বেশি আন্তরিক হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জুন গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন লন্ডনে এনসিএ পরিদর্শনে যান। তারা ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টারের (আইএসিসি) প্রধান ড্যানিয়েল মারফিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

গভর্নর বাংলাদেশের ‘অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ ও যৌথ তদন্ত দলকে (জেআইটি) সহায়তা করার জন্য আইএসিসির প্রতি কৃতজ্ঞতা জানান।

এনসিএ পরিদর্শনের পর গভর্নর লন্ডনে এক গোলটেবিলে যোগ দেন। তিনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাকরকের সঙ্গেও বৈঠক করেন। 

সেখানে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা তুলে ধরে ব্যাংকিং ও পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান।

লন্ডনের লর্ড মেয়র ও শীর্ষস্থানীয় ফিনটেক কোম্পানিগুলোর সঙ্গে গভর্নর বৈঠক করেন। এসব বৈঠকে তিনি লন্ডনের বিনিয়োগকারীদের বাংলাদেশের আর্থিক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। লর্ড মেয়রকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।

গভর্নর লন্ডনের কিছু মানি এক্সচেঞ্জ হাউসের সঙ্গেও বৈঠক করেন। তিনি রেমিটেন্স প্রক্রিয়া আরও সহজ, সাশ্রয়ী ও গতিশীল করার নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।