১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালালে ৬০ লাখ টাকার সিগারেট জব্দ

বিমানবন্দরে অভিযান চালিয়ে ২ লাখ ৯৯ হাজার ৪০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 08:30 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬০ লাখ টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দুই দিনে বিমানবন্দরে অভিযান চালিয়ে ২ লাখ ৯৯ হাজার ৪০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। সেগুলোর মূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

দুবাই থেকে মঙ্গলবার ঢাকায় আসা ফ্লাইদুবাই, বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগপত্র তল্লাশি করে লুকানো ১ হাজার ২৫৩ কার্টন সিগারেট জব্দ করা হয়। তার আগে রোববার ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা লাগেজে পাওয়া যায় ২৪৪ কার্টন সিগারেট।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে, দুই দিনে জব্দ করা ১ হাজার ৪৯৭ কার্টন সিগারেট ঢাকা কাস্টম হাউসে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য জমা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুবাই থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।