Published : 08 Jul 2026, 10:16 PM
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শুধু মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদে চাকরি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধেই নয়, জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় সুবিধা নেওয়া ‘অমুক্তিযোদ্ধা’ এবং তাদের ওয়ারিশদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
রংপুর-৪ আসনের এনসিপি সংসদ সদস্য আখতার হোসেন ‘বিগত স্বৈরাচারী আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নিয়োগপ্রাপ্তদের দ্রুত চাকরিচ্যুতি এবং প্রশাসনিক শুদ্ধি অভিযান জোরদারকরণ’ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন।
জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, “যেসব অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশরা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যেসব অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের সুবিধা গ্রহণ করেছে, তাদের বিষয়েও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।”
মন্ত্রীর বক্তব্যের পর সম্পূরক প্রশ্নে আখতার হোসেন বলেন, “মুক্তিযুদ্ধকে কিছু অসাধু ব্যক্তি সুবিধা নেওয়ার উপায় হিসেবে ব্যবহার করেছে। মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে অনেকে চাকরি, রাজনৈতিক পদ, ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন। এতে মেধাবীরা বঞ্চিত হয়েছেন।”
মুক্তিযোদ্ধার সঠিক তথ্য ও তালিকা নিয়ে সরকার কাজ করছে দাবি করে মন্ত্রী বলেন, “শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক তৈরি করা হয়েছিল। এই বিষয়ে আমরা কোনো ছাড় দেব না।”