১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার ফল সোমবার

এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার। 

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা নেওয়া হয়।

বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। রোডম্যাপ অনুসারে আগামী ২১ জুলাই (সোমবার) এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।”

এ পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন তা জানাতে পারেননি পিএসসি কর্মকর্তা মতিউর রহমান।

তিনি বলেন, “এখনও উপস্থিতি কিংবা কেউ অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন কি না, সেসব তথ্য আসেনি। কেন্দ্রগুলো থেকে তথ্য আসলে এ বিষয়ে জানানো হবে।”

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।