১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোনের চারটি শ্রেণির ক্লাস রোববার থেকে

দুপুর নাগাদ বিস্তারিত তুলে ধরবে শিক্ষা প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 01:28 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ছয় দিন বাদে সীমিত পরিসরে ক্লাস শুরু করতে যাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

আগামী রোববার থেকে দিয়াবাড়ি ক্যাম্পাসের চারটি শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার থেকে আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে ফুললি শুরু হতে এক সপ্তাহ লেগে যাবে; কারণ স্কুলের বাচ্চারা তো এখনও ট্রমার মধ্যে আছে। এক্সিডেন্টটা মূলত স্কুলের সেকশনেই হয়েছে।

“তাই আপাতত নাইন, টেন, একাদশ, দ্বাদশ- এদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তারপর আস্তে-আস্তে স্কুলেরগুলো শুরু হবে।”

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু।

দগ্ধ ও আহত ৫৭ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের আটজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে এখনো ছয়জনের পোড়া লাশ শনাক্ত করা যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছে।

এখনো কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে, জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বেলা সোয়া ১০টায় বলেন, দুপুর নাগাদ প্রতিষ্ঠানের তরফে বিস্তারিত তুলে ধরা হবে।