১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণের মামলায় দুজন রিমান্ডে

সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণের মামলায় দুজন রিমান্ডে
সাভারে এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 07:12 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

সাভারে এনসিপি সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম ও মো. সজিবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ মঙ্গলবার তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই মো.বাহাজ উদ্দীন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষের আইনজীবী এমএম আশ্রাফ আলী অয়ন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন।

সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে তিনজন আহত হন।

এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম হামলার সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

ওই ঘটনায় রাতেই এনসিপির পক্ষ থেকে একটি মামলা করেন দলের ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি।

মামলায় বলা হয়, “অজ্ঞাতনামা আসামিরা এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটনায়।”

ওই হামলার পেছনে কোনো ‘নিষিদ্ধগোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতার’ আশঙ্কার কথাও বলা হয়েছে মামলায়।