০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ওমরাহ করতে যাচ্ছেন প্রধান বিচারপতি, দায়িত্বে থাকবেন আশফাকুল ইসলাম

রোববার ‘বিদায়ী অভিভাষণ’ দেবেন প্রধান বিচারপতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 08:57 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

এক সপ্তাহ বাদে ওমরাহ হজ পালনে সৌদি আরব যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ওমরাহ। 

সেই সময় তার দায়িত্ব চালিয়ে নেবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ৩ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গমন এবং সেখানে অবস্থানকালে আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় নিজ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন। 

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী এ বিষয়ে অনুমোদনের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী রোববার বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদলতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। 

ওই অধিবেশনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য বিচারিক হাকিম এবং মুখ্য মহানগর হাকিমদের উদ্দেশ্যে ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন।

এ ছাড়া আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। অবসরে যাওয়ার আগে দেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তার সবশেষ অভিভাষণ।