১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বের সবচেয়ে ‘বড় গণতান্ত্রিক নির্বাচন’ হতে যাচ্ছে বাংলাদেশে: জার্মান রাষ্ট্রদূত

“এটি শুধু দেশের জন্য নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ,” বলেন তিনি।

বিশ্বের সবচেয়ে ‘বড় গণতান্ত্রিক নির্বাচন’ হতে যাচ্ছে বাংলাদেশে: জার্মান রাষ্ট্রদূত
রুডিগার লোৎজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

বাংলাদেশ আগামী বছর বিশ্বের সবচেয়ে ‘বড় গণতান্ত্রিক নির্বাচন’ আয়োজন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ। 

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। 

“এটি শুধু দেশের জন্য নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ সংসদ বিলুপ্ত করা হয়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন।

জার্মান রাষ্ট্রদূত বলেন, নির্বাচন কমিশন এই বিশাল চ্যালেঞ্জের জন্য যে প্রস্তুতি নিচ্ছে তা প্রশংসনীয় এবং বাংলাদেশ একটি ‘বিশ্বাসযোগ্য’ নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হিসেবে এর গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও বিশ্বের ‘গণতান্ত্রিক দেশগুলোর কাতারে ফিরে আসবে’, যা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

“নির্বাচন কমিশন এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় যে প্রস্তুতি নিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের প্রতি শুভকামনা জানাই এবং বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানাই—তাদের গণতন্ত্রে ফেরার পথে সফলতা কামনা করি।”