১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দুর্নীতিগ্রস্থদের সামাজিকভাবে বয়কট করুন’

ঢাকায় এক সেমিনারে এ আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 01:11 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। 

মঙ্গলবার ঢাকার এক হোটেলে ‘বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনাসমূহ’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

বর্তমানে বেসরকারি গবেষণা ও মানবাধিকার সংস্থা ‘এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল’ (এলকপ) এর চেয়ারম্যান মিজানুর বলেন, সমাজে যে দুর্নীতি ছড়িয়ে পড়ছে সে অবস্থা থেকে ফিরতে সমাজকে লড়াই করতে হবে। 

“জনগণকে শিক্ষিত করতে হবে, সচেতন করা প্রয়োজন। স্কুল থেকে স্কুলে, কমিউনিটি থেকে কমিউনিটি এবং দরজার দরজায় গিয়ে বার্তা দিতে হবে-যারা দুর্নীতি করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। বের করতে হবে কে দুর্নীতির সঙ্গে জড়িত এবং সাধারণ জনগণের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা, ব্যক্তিকে বয়কট করতে হবে।” 

তিনি বলেন, দুর্নীতি ও দুর্নীতির অনুশীলন সমাজের মূল ভিত্তিকে দুর্বল করার পাশাপাশি সমতা নষ্ট করছে। 

“এই মহামারী মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদের সবাইকে একত্রিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।”

সেমিনারে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে আর্থিক খাতে। যে পদ্ধতিতে দেশে কাজ করা হয়, চাটুকারিতা এবং আত্মীয় তুষ্টি এসবের সঙ্গেই দুর্নীতি জড়িত।  

“ছোট ছোট দুর্নীতি থেকেই বড় বড় দুর্নীতি হচ্ছে, ছোট জায়গা থেকেই উঠে এসে তারা সমাজের; রাষ্ট্রের রন্ধে রন্ধ্রে দুর্নীতি চলে গেছে।”

দেশে দুর্নীতি ঘটার পেছনে নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয়, দুষ্টুচক্র- এসব কারণকে দায়ি করছেন খলীকুজ্জামান। 

তার ভাষ্য, প্রতিষ্ঠানগুলো যদি প্রতিষ্ঠানের মত না চলে, রাজনৈতিক অঙ্গীকারের যদি দুর্বলতা থাকে তাহলে দুর্নীতি দূর করা সম্ভব নয়।